বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
অনলাইন ডেস্ক।
দেশে প্রথমবারের মতো অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার (এসিএস) চালু করল ইলেকট্রনিক্স পণ্যের বৈশ্বিক ব্র্যান্ড ‘সনি’। একইসঙ্গে রাজধানীর বসুন্ধরা সিটিতে নতুন একটি ডেডিকেটেড শোরুমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ১, ব্লক বি-এর ২০ ও ৩০ নম্বর শপে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সেন্টার ও শোরুমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশনস) মেজর (অব.) শেখ মোহাম্মদ মিজানুর রহমান।
এছাড়াও উদ্বোধক হিসেবে সনি কর্পোরেশনের গ্লোবাল সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ইমেজিং মার্কেটিং ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কোজি সেকিগুচি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে এফএসআইর জেনারেল ম্যানেজার চ্যাং জং এবং সনি রিজিয়নাল মার্কেটিংয়ের (সিঙ্গাপুর) মার্কেটিং প্রধান ইয়াপ ইয়ুং উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) শেখ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সনি ইন্টারন্যাশনালকে তাদের নতুন আউটলেটসহ স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আপনারা জেনে আনন্দিত হবেন যে, এই আউটলেটটি কোনো মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ছাড়াই সনি ইন্টারন্যাশনাল সরাসরি পরিচালনা করবে।’
সনির পণ্যের গুণগত মানের প্রশংসা করে তিনি বলেন, ‘সনি তাদের গুণগত মান, উদ্ভাবন ও উন্নত প্রযুক্তির জন্য বিশ্বজুড়ে অত্যন্ত বিশ্বস্ত একটি ব্র্যান্ড। এই নতুন আউটলেটটি আমাদের গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে এবং সনির পণ্যগুলো তাদের জন্য আরও সহজে সহজলভ্য করবে। আমরা সনি টিমকে বসুন্ধরা সিটিতে সফল অপারেশনের জন্য আমাদের পূর্ণ সহযোগিতা ও সহায়তার আশ্বাস দিচ্ছি। আশা করি সনি ইন্টারন্যাশনালের সঙ্গে বসুন্ধরা সিটির এই ব্যবসায়িক সম্পর্ক স্থায়ী ও সফল হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে সনি কর্পোরেশনের গ্লোবাল সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ইমেজিং মার্কেটিং ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কোজি সেকিগুচি বলেন, ‘বাংলাদেশে সনির এই নতুন শোরুম ও সার্ভিস সেন্টারটি উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই সেন্টারটি বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং এখানকার কনটেন্ট ক্রিয়েটর ও গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে সনির একটি বড় পদক্ষেপ। এখানে চালু করা নতুন সার্ভিস সেন্টারের মাধ্যমে আমরা গ্রাহকদের সর্বোচ্চ মানের অফিশিয়াল সার্ভিস প্রদান করব, যাতে সবাই নিশ্চিন্তে সনির পণ্য ব্যবহার ও উপভোগ করতে পারেন।’
অফিশিয়াল পণ্যের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘গ্রাহকদের জন্য আমরা অফিশিয়াল পণ্য সুনিশ্চিত করছি। পণ্য ক্রয়ের সময় বাক্সের ওপর থাকা ১৮ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি স্টিকার দেখে পণ্য কেনার অনুরোধ করছি। এর মাধ্যমে গ্রাহকরা অফিশিয়াল ওয়ারেন্টি ও ওয়ার্কশপের সুবিধা পাবেন।’
অনুষ্ঠানে এফএসআইর জেনারেল ম্যানেজার চ্যাং জং বলেন, ‘আজকের দিনটি বাংলাদেশের জন্য অত্যন্ত বিশেষ একটি দিন। বিশ্বজুড়ে সনির প্রায় সাড়ে তিন হাজার সার্ভিস সেন্টার থাকলেও এটি বিশেষ, কারণ এটি বাংলাদেশে শুধু ক্যামেরা সার্ভিসের জন্য প্রথম এবং এক্সক্লুসিভ অনুমোদিত সেন্টার। বাংলাদেশের সনি ব্যবহারকারীরা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের জন্য সেরা মানের সেবা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ, যা স্থানীয় ফটোগ্রাফারদের জন্য একটি বড় উপহার।’
তিনি আরও বলেন, ‘আমরা ২০২০ সালে যাত্রা শুরু করার পর থেকে সবসময় চিন্তা করেছি কীভাবে বাংলাদেশের সনি মার্কেটের জন্য সেরা সেবা দেওয়া যায়। চার বছর আগে আমরা ১৮ মাসের ওয়ারেন্টি সেবা শুরু করেছিলাম, আর আজ এই অফিসিয়াল সার্ভিস সেন্টারটি চালু হলো।’
বক্তব্য শেষে তিনি পার্টনার প্রতিষ্ঠান ও জাপান থেকে আগত সনির প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই অংশীদারত্ব আরও জোরদার করার আশা প্রকাশ করেন।
সনি কর্তৃপক্ষ জানায়, দেশে ক্রমবর্ধমান পেশাদার ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের নির্ভরযোগ্য ও দ্রুত সেবা নিশ্চিত করতে এই সার্ভিস সেন্টারটি ডিজাইন করা হয়েছে। বিশেষ করে বিয়ের পিক-সিজনে যেন ডিভাইসের সমস্যার কারণে কাজের শিডিউল বিপর্যয় বা আর্থিক ক্ষতি না হয়, তা নিশ্চিত করবে এই সেন্টার। এর মাধ্যমে স্থানীয় বাজারে ক্যামেরা ও গিয়ার মেরামতের দীর্ঘদিনের বড় একটি বাধা দূর হলো, যা দেশের সামগ্রিক ফটোগ্রাফি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী মাসগুলোতে দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং স্টুডিওগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে সনির।
নতুন এই সেন্টারে সনির বিশ্বখ্যাত ‘আলফা’ ক্যামেরা সিস্টেম এবং প্রিমিয়াম ‘জি মাস্টার’ লেন্স সিরিজের আধুনিক প্রযুক্তির সেবা পাওয়া যাবে। এই উদ্যোগের অংশ হিসেবে সনি বাংলাদেশ গ্রাহকদের সর্বদা অনুমোদিত ডিলারদের কাছ থেকে অফিশিয়াল পণ্য কেনার জন্য উৎসাহিত করছে। ১৮ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি স্টিকার দেখে জেনুইন সনি পণ্য শনাক্ত করা যাবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই সার্ভিস সেন্টারের মাধ্যমে গ্রাহক ও পেশাদার ফটোগ্রাফাররা এখন থেকে সরাসরি স্থানীয় বাজারেই সনির বিশ্বমানের অফিসিয়াল মেরামত ও সার্ভিসিং সহায়তা পাবেন, যা আগে স্থানীয় বাজারে সহজলভ্য ছিল না। বিশেষ করে সামনের পিক সিজনে পেশাদার ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের নির্ভরযোগ্য ও দ্রুত সেবা নিশ্চিত করতে এটি বড় ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, ঢাকার বসুন্ধরা সিটিতে অবস্থিত সনির এই নতুন শোরুম ও সার্ভিস সেন্টারটি মঙ্গলবার ব্যতীত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রাহকদের সেবায় খোলা থাকবে। সেবা ও পণ্য সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিশিয়াল ওয়েবসাইট: sony-asiabd.com থেকে জানা যাবে।
