বহু গুণে গুণান্বিত ছিলেন সাদেক হোসেন খোকা: আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, বহু গুণে গুণান্বিত ব্যক্তি ছিলেন সাদেক হোসেন খোকা। তিনি জনবান্ধব লোক ছিলেন। শতভাগ কমিটেড রাজনীতিবিদ ছিলেন। তার কাছে গিয়ে শত্রুও সহজে কথা বলতে পারতেন। তিনি শুধু দলের মেয়র ছিলেন না, তিনি ছিলেন সবার মেয়র। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে কেউ তার কাছ থেকে খালি হাতে ফিরে আসতো না। সবার ডাকে তিনি ছুটে যেতেন।

বুধবার দুপুরে রাজধানীর গুলিস্তান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ‘অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভায় উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাটির আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
আব্দুস সালাম বলেন, সাদেক হোসেন খোকা তৎকালীন সময়ে আওয়ামী লীগের প্রধানকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন। এটা সম্ভব হয়েছিল তার নেতৃত্বের গুণে। তিনি সবার জানাযায় ছুটে গিয়েছেন। কোনো এলাকায় কোনো সমস্যায় তাকে পাওয়া যায় নাই, কোনো পরিবার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে সাদেক হোসেন খোকাকে পায় নাই এমন কেউ বলতে পারবে না।

স্মরণ সভাটির সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু জাফর মাও. ইলিয়াস।

সঞ্চালনা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান প্রিন্স।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার কাজী আবুল বাশার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights