বাঁচানো গেলো না বসতঘরে দগ্ধ স্কুলছাত্র নিতুনকে

ঢামেক প্রতিনিধি :

প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হার মানলো রাজবাড়ীর গোয়ালন্দে বসতঘরের আগুনে দগ্ধ স্কুলছাত্র নিতুন সরকার (১৪)। সোমবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিতুনের বাবা নিতাই চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে নিতুনের শরীরের প্রায় ৪৪ শতাংশ অংশ পুড়ে যায়। পাশাপাশি কিডনি ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

নিতুন সরকার রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাশেম বেপারীর বাড়ির ভাড়াটিয়া ও ফরিদপুরের মধুখালী উপজেলার নিমাই সরকারের ছেলে। তিনি গোয়ালন্দের লোটাস কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

জানা যায়, গত ২৮ জানুয়ারি বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নিতুনদের ঘরে আগুন লাগে। এ সময় ঘরের একটি কক্ষে আটকা পড়ে নিতুন। আগুন থেকে বাঁচতে ঘরের জানালার কাছে দাঁড়িয়ে বাঁচার আকুতি করে সে। পরে স্থানীয়রা ঘরের দেয়াল ভেঙে তাকে জীবিত অবস্থায় বের করে আনেন। তবে ততক্ষণে তার শরীরের প্রায় ৪৪ শতাংশ অংশ পুড়ে যায়।

দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights