বাঁশখালীতে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরলে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মকবুল ফকির বাড়ির আব্দুল আলিমের ছেলে।
শুক্রবার ভোরে উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম সরল এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরল ইউনিয়নে মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে লবণমাঠ ও মাছের ঘের দখল নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় জিল্লুর রহমান গুলিবিদ্ধ হন। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ভোররাতে বাঁশখালীর এক যুবককে হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।
