বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল পাকিস্তান

অনলাইন ডেস্ক
সালমান আলী, হাসান নাওয়াজ আর শাদাব খানের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের সামনে বিশাল লক্ষ্য দাঁড় করালো পাকিস্তান। গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

এদিন টস হেরে ফিল্ডিংয়ে নামে লিটন কুমার দাসের দল। শুরুতেই স্বাগতিকদের দুই ওপেনিং ব্যাটারকে সাজঘরে ফেরান মেহেদী-শরিফুল। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই পাক শিবিরে প্রথম আঘাত হানেন মেহেদী। শূন্য রানে ফেরেন সাইম আইয়ুব। পরের ওভারের দ্বিতীয় বলেই শরিফুলের লেগ বিফোরের ফাঁদে পড়েন আরেক ওপেনার ফখর জামান। দলীয় ৫ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

এরপর দলের হাল ধরেন সালমান আগা ও মোহাম্মদ হারিস। দুজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ৩১ ও ৫৬ রান। দলীয় ৫৩ ও ব্যক্তিগত ৩১ রানে তানজিমের বলে তানজিদের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন হ্যারিস। হাসান নওয়াজকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান অধিনায়ক আগা।

মাত্র ২৯ বলে ক্যারিয়ারের তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটির দেখা পান আগা। তবে হাসানের বলে তানজিদের ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন তিনি। রিশাদের বলে বিদায় নেয়ার আগে ২২ বলে দুর্দান্ত ৪৪ রানের এক ইনিংস খেলেন নওয়াজ। ২টি চারের সঙ্গে ৪টি ছক্কা আসে তার ব্যাট থেকে।

সাদাব খানের ব্যাট থেকে আসে ৪৮ রান। বাকি ব্যাটারদের মধ্যে ফাহিম আশরাফ ও খুশদিল শাহ করেন যথাক্রমে ১১ ও ৫ রান। শেষ পর্যন্ত ২০১ রানে থামে পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের পক্ষে ৩২ রানের খরচায় ২টি উইকেট তুলে নেন শরিফুল। ইনিংসে বোলিং করা বাকি পাঁচজনই পান ১টি করে উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights