বাংলাদেশিদের জন্য ভ্রমণ ফি কমালো ভুটান
অনলাইন ডেস্ক
বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমিয়েছে ভুটান। দেশটিতে ভ্রমণে এখন থেকে টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে প্রতিদিন বাংলাদেশিদের ১৫ মার্কিন ডলার দিতে হবে, যা আগে ছিল ২০০ ডলার।
আজ সোমবার ভুটানের পর্যটন বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভুটান সরকারের পর্যটন বিভাগ জানিয়েছে- দেশটি বাংলাদেশি পর্যটকদের জন্য নীতিমালা সংশোধন করেছে। নতুন নীতিমালা অনুযায়ী বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে দৈনিক শুধু ১৫ মার্কিন ডলার দিতে হবে, যা ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফির সমান। নতুন ফি গতকাল রবিবার থেকে কার্যকর করা হয়েছে।
আগে বাংলাদেশিদের ভুটান ভ্রমণে প্রতিদিন এসডিএফ ফি ২০০ মার্কিন ডলার দেওয়া লাগতো। নতুন নীতিমালার আওতায় বাংলাদেশি পর্যটকদের জন্য এই খরচ কমলো।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরও সুসংহত হয়েছে।
