বাংলাদেশের ইলেকট্রনিকস খাতে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়া

বাসস
বাংলাদেশের ইলেকট্রনিকস পণ্য তৈরি ও প্রযুক্তি খাতে বিনিয়োগে জোরালো আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। একই সঙ্গে দুই দেশ অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছে।

বুধবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জি-জুন কিম এ আগ্রহের কথা জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করেন।

তিনি বাংলাদেশের ইলেকট্রনিকস পণ্য তৈরি ও প্রযুক্তি খাতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের আগ্রহের কথা তুলে ধরেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, উৎপাদনশিল্প এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে সহযোগিতা সম্প্রসারণেরও আগ্রহ প্রকাশ করেন।

উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

হুমায়ুন কবির বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিপুল পরিমাণ বিনিয়োগকে স্বাগত জানান। এ ধরনের বিনিয়োগ আরও সহজ করতে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার ওপর উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights