বাংলাদেশের কাছে হারল নিউজিল্যান্ড ‘এ’ দল

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ড ‘এ’ দলকে সাত উইকেটে হারাল বাংলাদেশ ‘এ’ দল। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৪৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ৭ উইকেট ও ১৩৬ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড ‘এ’ দল। ৩৪.৩ ওভারে তারা সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৭ রান।

নিউজিল্যান্ড শুরুটা ভালো করতে পারেনি। এলবিডব্লিউতে শূন্য রানে বিদায় নেন ওপেনার ডেল ফিলিপস। পরের দুজনও রানের রানের খাতা খুলতে পারেননি। পাঁচে নামা দলের অধিনায়কেরও হয় একই পরিণতি। তবে একপ্রান্ত আগলে লড়ে যাচ্ছিলেন মারিউ। যদিও ৪২ রানের বেশি করতে পারেননি তিনি।

ব্যাটারদের এমন ব্যর্থতার দিনে জ্বলে ওঠেন আট নম্বরে নামা ফক্সক্রফট। ৬৪ বলে ৭২ রান করে দলের সংগ্রহ দেড়শর কাছে নিয়ে যান তিনি।

বাংলাদেশের হয়ে ৭ ওভারে ২৭ রান খরচায় ৩ উইকেট নেন খালেদ। সমান উইকেট পান তানভিরও। দুটি করে উইকেট নেন শরিফুল ও এবাদত।

রান তাড়ায় নেমে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। মোহাম্মদ নাঈম শেখ ১৮ রানে বিদায়ের পর ২৪ রান করে ফেরেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে তিন নম্বরে নেমে চেষ্টা চালান বিজয়। ৪৫ বলে ৩৮ রান করেন তিনি।

বাকি কাজ সারেন অঙ্কন ও নুরুল হাসান সোহান। ৬১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন অঙ্কন। আর ২৬ বলে ২০ রানের ইনিংস খেলেন অধিনায়ক সোহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights