বাংলাদেশের জায়গায় সুযোগ পেয়ে ‘বিব্রত’ স্কটল্যান্ড

অনলাইন ডেস্ক

বিসিবি আর আইসিসির মধ্যকার ভেন্যু সংক্রান্ত টানাপোড়েনে কপাল খুলেছে স্কটল্যান্ডের। রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুর জেরে ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশের আপত্তির পর শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে টাইগাররা। তাদের স্থলাভিষিক্ত হয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের নাটকীয় ডাক পেয়েছে স্কটল্যান্ড।

এমন অভাবনীয় সুযোগে স্কটিশ শিবিরে বইছে আনন্দের হাওয়া, তবে সেই সাথে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড।

এক সাক্ষাৎকারে লিন্ডব্লেড বলেন, এভাবে টুর্নামেন্টে সুযোগ পাওয়াটা সত্যিই অনন্য এবং একই সঙ্গে কিছুটা বিব্রতকর। প্রতিটি দলই চায় মাঠের লড়াইয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে বিশ্বকাপে জায়গা করে নিতে। কিন্তু পরিস্থিতির কারণে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের মতো একটি শক্তিশালী দলের এমন প্রস্থান তাকে মর্মাহত করেছে এবং ব্যক্তিগতভাবে তিনি নাজমুল হোসেন শান্তদের জন্য বেশ সহানুভূতি অনুভব করছেন। তবে র‍্যাংকিংয়ে সেরা অবস্থানে থাকার কারণে আইসিসির এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছেন।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই বড় আসরের প্রস্তুতি নিতে এখন ঘাম ঝরছে স্কটিশদের। হাতে সময় খুব কম থাকায় ২৪ ঘণ্টা নিরলস পরিশ্রম করছে তাদের বোর্ড ও কোচিং স্টাফ। লিন্ডব্লেড জানান, তাদের মাত্র ৩০ জনের ছোট একটি কর্মী দল। তারা বর্তমানে একই সাথে নেপালে নারী দলের সফর এবং অনূর্ধ্ব-১৯ দলের ব্যবস্থাপনা সামলাচ্ছে। এর মধ্যেই বিশ্বকাপের জন্য ভিসা প্রক্রিয়া ও লজিস্টিক সাপোর্টের কাজ সারতে হচ্ছে অত্যন্ত দ্রুতগতিতে। আইসিসিও স্কটিশ ক্রিকেটারদের ভারতীয় ভিসার দ্রুত নিষ্পত্তির জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

দলের পারফরম্যান্স নিয়ে আশাবাদী স্কটল্যান্ডের পারফরম্যান্স হেড স্টিভ স্নেল। তিনি মনে করেন, কোনো বাড়তি চাপ ছাড়াই মাঠে নামবে তার দল। পর্যাপ্ত প্রস্তুতি না থাকলেও আন্ডারডগ হিসেবে তারা অন্য বড় দলগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারেন বলে তিনি হুঁশিয়ারি দেন।

কলকাতার মাঠে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি এবং চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে লড়বে স্কটল্যান্ড। দীর্ঘ শীতকালীন বিরতির পর হঠাৎ বিশ্বমঞ্চে ফেরার এই সুযোগকে কাজে লাগিয়ে বড় কোনো অঘটন ঘটানোর স্বপ্ন দেখছে দলটি।

সূত্র: ইএসপিএন ক্রিকইনফো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights