বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে : দীনেশ ত্রিবেদী
অনলাইন ডেস্ক
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে ভারত সফর করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সব আলোচনা চলতে থাকবে।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সংসদীয় পর্যায়ে সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে দুই দেশের সংসদে ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা যেতে পারে।
ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সংসদ কীভাবে একে অপরের সঙ্গে আরও কার্যকরভাবে কাজ করতে পারে, বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও কীভাবে উন্নত করা যায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে। দুই দেশের মধ্যে আলোচনা চলবে। আর এটাই গণতন্ত্র।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রাজনৈতিক অভিজ্ঞতার প্রশংসা করেন দীনেশ ত্রিবেদী। তিনি স্পিকারকে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং ভালো ফুটবলার হিসেবেও উল্লেখ করেন।
এর আগে, স্পিকারের কার্যালয়ে হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও বিস্তৃত করতে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া এবং সাংস্কৃতিক আদান-প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
