বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু আজ

অনলাইন ডেস্ক

ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় আজ শুরু হচ্ছে বাংলাদেশের স্বপ্নের বিশ্বকাপ মিশন। প্রতিপক্ষ লড়াকু আফগানিস্তান। ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বেলা ১১টায় মুখোমুখি হবে সাকিব আল হাসান ও হাশমতউল্লাহ শহিদির দল।

বর্তমানে শক্তি-সামর্থ্যে এই দু’টি দল প্রায় কাছাকাছি পর্যায়েরই। গত এক দশকে দুই দলের দ্বৈরথটা বেশ জমে উঠছে। এ বছর বাংলাদেশের মাটিতে আফগানরা ২-১-এ সিরিজ জিতলেও এশিয়া কাপে তাদের বেশ ভালো ব্যবধানে হারায় টাইগাররা। এক মাসের ব্যবধানে এবার বিশ্বকাপে লড়বে দুই দল।

এবার বিশ্বকাপের মূল পর্বে বেশ দাপটের সঙ্গেই উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ। আইসিসির বিশ্বকাপ সুপার লিগে চমক দেখিয়ে ২৪ ম্যাচে ১৫ জয় নিয়ে ১৪ দলের মধ্যে তিন নম্বরে ছিল টাইগাররা। তাই বিশ্বকাপের সেমিতে খেলার বড় আশা করতেই পারে মিরাজ-শান্তরা।
ওয়ানডেতে এখন পর্যন্ত ১৫ বারের মুখোমুখিতে বাংলাদেশ ৯টি ও আফগানিস্তান ৬টি ম্যাচ জিতেছে। সর্বশেষ দু’টি জয় বাংলাদেশেরই। গত মাসে লাহোরে এশিয়া কাপের ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারায় সাকিবের দল। ওই ম্যাচে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ।

বিশ্বকাপে দুবারের দেখায় দু’বারই জিতেছে বাংলাদেশ। ২০১৫ সালে ক্যানবেরায় আফগানদের ১০৫ রানে হারায় বাংলাদেশ। ২০১৯ সালে সাউদাম্পটনে সাকিব ম্যাজিকে টাইগাররা জিতেছে ৬২ রানে। ব্যাট হাতে ৬৯ বলে ৫১ রান করার পর বল হাতে ২৯ রানে ৫ উইকেট শিকার করে তিনি একাই হারিয়ে দেন আফগানদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights