বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে আন্তরিক পাকিস্তান : হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার এইচ ই সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, বিগত ১৫ থেকে ১৬ বছর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ভাল সম্পর্ক ছিল না। বর্তমান সরকার পাকিস্তানের সাথে ব্যবসা-বাণিজ্য বাড়াতে কাজ করছে। আমরা সম্প্রতি বাংলাদেশ সরকারের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত। শুল্কমুক্ত পণ্য বাংলাদেশে রপ্তানীতে পাকিস্তান সরকার কাজ করছে। দু’দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে আমরা নানা সুপারিশ পেয়েছি। পাকিস্তান সরকার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে আন্তরিক।

আজ বুধবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে আমদানী- রপ্তানীকারকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পাকিস্তান হাইকমিশনার এইচ ই সৈয়দ আহমেদ মারুফ বলেন, পাকিস্তান সরকার বাংলাদেশের সঙ্গে শুধু ব্যবসা-বাণিজ্যই নয়, অর্থনীতি, সংস্কৃতিসহ দুদেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক উন্নয়ন করতে চায়। এর মাধ্যমে দুই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। আমরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা চাই আগামীতে বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তানে অনুষ্ঠিতব্য বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে তাদের পণ্যের বাজার সৃষ্টি করুক।

রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে সভায় রংপুরের আমদানী-রপ্তানীকারকরা বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে নানা সুপারিশমালা তুলে ধরেন। অনুষ্ঠানে হাইকমিশনারকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে আমদানী-রপ্তানীকারক ছাড়াও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights