বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড

অনলাইন ডেস্ক
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। আজ বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে নেদারল্যান্ডসের একটি শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে যা বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। তিনি এ সম্পর্ক আরও জোরদারে সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পর থেকে কাজের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে। তিনি গণমাধ্যম ও কমিউনিকেশনের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির বিশ্বে নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ইকো সিস্টেম নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

তিনি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং একই সাথে জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেয়া রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করেন। তিনি এক্ষেত্রে সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি প্রণয়নের উপর গুরুত্ব দেন এবং এ বিষয়ে নেদারল্যান্ডস কিভাবে কাজ করছে তা জানার আগ্রহ প্রকাশ করেন।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের উপর গুরুত্ব দেন। তিনি এক্ষেত্রে নেদারল্যান্ডসের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights