বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্তে যা বললেন বিসিসিআইয়ের সাবেক কর্তা

স্পোর্টস ডেস্ক

টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬ মৌসুমের সব ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ দৃশ্যমান নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে বলেও উল্লেখ করা হয়। জনস্বার্থে ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয়।

বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত ভারতীয় গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর এক সাবেক কর্মকর্তা। সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের প্রতিক্রিয়াকে তারা স্বাভাবিক বলেই দেখছেন।

বিসিসিআইয়ের সাবেক ওই কর্মকর্তা বলেন, ‘প্রত্যেক ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সামর্থ্যের মধ্যেই যা করা সম্ভব, সেটাই করেছে। বিষয়টি তাদের ব্যথিত করেছে বলেই এমন প্রতিক্রিয়া এসেছে। তবে এতে ভারত বা আইপিএলের ওপর বড় কোনো প্রভাব পড়বে বলে মনে করি না।’

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরিস্থিতির প্রেক্ষিতে জরুরি সভা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভা শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)-এর সঙ্গে যোগাযোগ করে বিসিবি। নিরাপত্তা ইস্যু তুলে ধরে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যুতে নির্ধারিত বাংলাদেশের ম্যাচগুলো অন্যত্র সরানোর অনুরোধ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights