বাংলাদেশ ‘এ’ দল খেলবে পাকিস্তান-নিউজিল্যান্ডের বিপক্ষে

অনলাইন ডেস্ক
প্রায় এক বছর পর মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। তারা এবার পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দু’টি ও নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি সিরিজ খেলবে।

সামনেই টেস্ট ক্রিকেটে ব্যস্ত সূচি থাকায় লাল বলের ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতে বিসিবির এই পরিকল্পনা করছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, চলতি বছর পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলবে বাংলাদেশ।
মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেনের মতো লাল বলের ক্রিকেটারদের প্রস্তুতির জন্য তাই ‘এ’ দলের সিরিজ আয়োজন করছে বিসিবি। সবশেষ গত বছরের মে-জুনে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলে বাংলাদেশ ‘এ’ দল। এরপর জুলাইয়ে শ্রীলঙ্কায় এসিসি ইমার্জিং কাপে খেলেন জয়, তানজিদ হাসান, সাইফ হাসান, জাকির হাসানরা।

মিরপুরে বুধবার বিসিবি কার্যালয়ের সামনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে ‘এ’ দলের ভবিষ্যত সূচির ব্যাপারে জানান জালাল ইউনুস।

তিন সিরিজের কোনোটির সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে এটুকু জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। পরে ফিরতি সফরে বাংলাদেশে আসবে পাকিস্তানের ‘এ’ দল। সেপ্টেম্বরের শেষ দিকে আসবে কিউইরা। প্রতিটি সিরিজেই দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights