বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে আগ্রহী অ্যান্টোইন হে

অনলাইন ডেস্ক

জুনে সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগেই জাতীয় দলের ডাগআউটে দেখা যাবে নতুন কোচ। দুই বছরের চুক্তিতে কোচ নিয়োগ দিতে চাচ্ছে বাফুফে। যদিও হাভিয়ের কাবরেরার মেয়াদ এখনো শেষ হয়নি। কাগজে-কলমে তিনি বাংলাদেশের প্রধান কোচ ৩০ এপ্রিল পর্যন্ত। তবে চার বছরের বেশি সময় থাকা এই কোচের সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী নয় বাফুফে। তাই সন্ধানে নেমেছে নতুন কোচ নিয়োগের।

হামজা-শমিতদের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন অভিজ্ঞ জার্মান কোচ অ্যান্টোইন হে। এমনটাই জানিয়েছে এক সূত্র।

অ্যান্টোইন হে উয়েফা প্রো-লাইসেন্সধারী কোচ, যার এশিয়া ও আফ্রিকার ফুটবলে দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতা রয়েছে। তিনি এরই মধ্যে মিয়ানমার, রুয়ান্ডা, কেনিয়া, লাইবেরিয়া, গাম্বিয়া এবং লেসোথো জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বাহরাইন ও লিবিয়া ফুটবল ফেডারেশনে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

খেলোয়াড় হিসেবে তিনি জার্মান বুন্দেসলিগার শালকে ০৪ ও ফরচুনা ডুসেলডর্ফের মতো বড় ক্লাবে খেলেছেন।

বাফুফের মানদণ্ড অনুযায়ী, নতুন কোচকে অবশ্যই এশীয় ফুটবল সংস্কৃতি ও খেলোয়াড়দের মানসিকতা সম্পর্কে ধারণা রাখতে হবে। অ্যান্টোইন হে মিয়ানমার জাতীয় দলের হয়ে দুই মেয়াদে চার বছর কাজ কাজ করায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবল পরিবেশ সম্পর্কে বেশ অভিজ্ঞ। পিছিয়ে থাকা দলকে বড় মঞ্চে তুলে আনার চ্যালেঞ্জ নিতে পারেন। মিয়ানমার ও রুয়ান্ডার মতো দলের সঙ্গে তার অতীত রেকর্ড এমনই বলছে। সর্বশেষ আলজেরিয়ান ইএস শেতিফে গত বছর যোগ দেন তিনি। তবে তিন মাসের বেশি টিকতে পারেননি।

নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে বাফুফের আরেকটি বড় চিন্তা বাজেট। কাবরেরা পারিশ্রমিক পেতেন প্রায় ১৪ হাজার ডলারের। যদিও শুরুতে ২০২২ সালে যখন প্রথম মেয়াদে বাংলাদেশের কোচ হন তখন তার বেতন ছিল ৮ হাজার ডলার। তবে সব ছাপিয়ে টেকনিক্যাল স্কিলকে জোর দেওয়া হবে বেশি।

অ্যান্টোইন হে ছাড়াও বাফুফের কোচ হতে আবেদন এসেছে রোমানিয়ান, ফরাসি ও পর্তুগিজ কোচের। তাহলে কি আরও একজন ইউরোপীয় কোচ পাচ্ছে বাংলাদেশ।

৫ জুন প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপীয় দলের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ। নতুন কোচের প্রথম অভিজ্ঞতাটা মন্দ হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights