বাংলাদেশ নেই, স্কটল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ফাঁকা গ্যালারি ইডেনে
অনলাইন ডেস্ক
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। বিকল্প কোনো সমাধানে না গিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি। তবে বাংলাদেশের অনুপস্থিতি যে দর্শক আগ্রহে বড় প্রভাব ফেলেছে, তা স্পষ্ট হয়ে উঠছে মাঠের গ্যালারিতেই।
স্কটল্যান্ডের ম্যাচগুলোতে দর্শক উপস্থিতি একেবারেই কম। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের ম্যাচে গ্যালারি ছিল প্রায় ফাঁকা। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে ম্যাচের আগের দিন পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে মাত্র ২ হাজার ৯১৭টি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের চার ম্যাচের মধ্যে তিনটি হওয়ার কথা ছিল কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ দল না থাকায় স্থানীয় দর্শকদের আগ্রহে বড় ধরনের ভাটা পড়েছে।
বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে কলকাতার ক্রিকেটপ্রেমীরা কার্যত মুখ ফিরিয়ে নিয়েছেন ম্যাচগুলো থেকে। এতে করে বিশ্বকাপে দর্শক উপস্থিতি ও মাঠের আবহ দুটিতেই প্রভাব পড়ছে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ক্রিকেট শক্তির বিচারে বড় দল না হলেও দর্শক টানার ক্ষেত্রে তাদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। এবারের বিশ্বকাপে সেই বাস্তবতাই আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ফাঁকা গ্যালারি।
