বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
অনলাইন ডেস্ক
সামাজিক দায়িত্ব ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) ঢাকার উদ্যোগে গরিব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) ঢাকার মিরপুর-১৪ এলাকায় অবস্থিত নাবিক আবাসিক এলাকায় আয়োজিত এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএন লেডিস ক্লাব ঢাকার চেয়ারম্যান, বিএনএফডব্লিউএ ঢাকা শাখার চেয়ারম্যান, বিএনএফডব্লিউএ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্টবৃন্দ, ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার এবং বিএনএফডব্লিউএ ঢাকা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর হাতে শীতবস্ত্র তুলে দেন। সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘব এবং শীতকালীন কষ্ট কমানোর লক্ষ্যে সংঘের নিজস্ব অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় তিনি উপকারভোগীদের খোঁজখবর নেন এবং শীতকালসহ যেকোনো সংকটে বাংলাদেশ নৌবাহিনী ও বিএনএফডব্লিউএ সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে বলে আশ্বাস দেন। বিএনএফডব্লিউএর এ ধরনের উদ্যোগ বাংলাদেশ নৌবাহিনীর মানবিক চেতনা ও সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন উপস্থিতরা।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী কেবল দেশের সমুদ্রসীমা রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণেই সীমাবদ্ধ নয়; পাশাপাশি সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণমূলক কার্যক্রম এবং দুর্যোগকালীন সহায়তাসহ নানা সামাজিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
