বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনের পর বিমানবন্দরের ফুটওভারব্রিজে পুলিশের সার্বক্ষণিক নজরদারি

তুহিন ভূঁইয়া

প্রবাসী ও সাধারণ মানুষের নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের ফুটওভারব্রিজে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন করেছে বিমানবন্দর থানা। পথশিশু, ভবঘুরে ও নেশাগ্রস্তদের উৎপাত থেকে যাত্রীদের নিরাপদ রাখতে নেওয়া হয়েছে এই উদ্যোগ।

ভবঘুরে ও নেশাগ্রস্তদের আখড়ায় পরিণত হওয়া বিমানবন্দরের সামনের ফুটওভারব্রিজ নিয়ে বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়ায় প্রতিবেদন প্রকাশের পরই নড়েচড়ে বসে বিমানবন্দর থানা পুলিশ। ফুটওভারব্রিজ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে ৪০ পথশিশু, ভবঘুরে ও নেশাগ্রস্তকে।

একজন পথচারী বলেন, আগে এই ফুটওভারব্রিজ ব্যবহার করতে ভয় পাইতাম। আজকে পুলিশের পাহারা দেখে এখন আর ভয় লাগছে না। অনেকটা স্বস্তিতে পার হতে পারছি।

আলী হোসেন নামের আরেক পথচারী বলেন, প্রতিদিন দুই সন্তান নিয়ে এই ফুটওভারব্রিজ পার হতে ভয় লাগত। বাচ্চারাও ভয়ে যেতে চাইত না। আজকে পুলিশের নিরাপত্তা দেখে ভালো লাগলে। নাগরিক হিসেবে এমন পরিবেশ চাই আমরা।

নীলা নামের এক নারী বলেন, সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় ফুটওভারব্রিজে থাকা পথশিশুরা পায়ে জড়িয়ে ধরে টাকা চাইত, না দিলে তারা পায়ে ধরে বসে থাকত। তবে আজকে ফুটওভারব্রিজ পার হয়েছি কোনো পথশিশু বা ভবঘুরে পাইনি। পরিবেশটা অনেক ভালো লাগছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানিয়েছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে যেন কোনো ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব সহকারে কাজ করছে পুলিশ।

তিনি আরও বলেন, জসিমউদ্দীন সড়ক থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত পুরো এলাকায় পুলিশের বিশেষ মোবাইল টিম কাজ করছে। এ ছাড়াও বিমানবন্দর গোলচত্বর এলাকায় অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। এতে করে বিমানবন্দরের আশপাশের এলাকা আরও নিরাপদ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights