বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে এআইইউবির শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীরা। বসুন্ধরা আবাসিক এলাকায় পত্রিকাটির কার্যালয়ে মঙ্গলবার ৪০ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল এতে অংশ নেন।
শিক্ষার্থীরা বাংলাদেশ প্রতিদিন সম্পাদক লোটন একরাম, নির্বাহী সম্পাদক আফাজ উদ্দিন বিপ্লব ও যুগ্ম সম্পাদক মাসুদ করিম, বার্তা সম্পাদক গোলাম মাহবুব ভূঁইয়া লিটন, ডিজিটাল বিভাগের প্রধান শামছুল হক রাসেলসহ সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এআইইউবির সহকারী অধ্যাপক আফরোজা সোমা।
এ সময় পত্রিকার সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংবাদমাধ্যমের কর্মপরিবেশ এবং সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ পান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা সংবাদপত্রের দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন। শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব সংবাদকক্ষের কার্যক্রম কাছ থেকে দেখার সুযোগ পান তারা। এ ধরনের কার্যক্রম সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
