বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিং স্বর্গে স্পটলাইট পেসারদের দিকে

অনলাইন ডেস্ক
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য খুবই হতাশার। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ক্যারিশমেটিক প্রত্যাবর্তনের এক গল্প লিখেছিলেন টাইগাররা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে আফগানিস্তানকে রীতিমতো উড়িয়ে দেন। সুপার ফোরে পৌঁছে বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে ভালো কিছু করার। তবে প্রতিপক্ষের নাম পাকিস্তান। যারা একদিনের ক্রিকেটে এখন র‍্যাঙ্কিং শীর্ষে। খেলাটাও হবে ব্যাটিং স্বর্গ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তাই নিশ্চিতভাবেই বলা যায়, ম্যাচের বড় পার্থক্য গড়ে দিতে পারে পেসাররা।

পাকিস্তানের বোলিং বিভাগের নেতৃত্ব থাকবে তিন পেসারের হাতে। শাহীন আফ্রিদি, নাসিম শাহ শুরুতেই আক্রমণে আসবেন। আর পুরাতন বলে ঝড় তুলবেন হারিস রউফ।

অন্যদিকে, বাংলাদেশের বেলায়ও চিত্রটা প্রায় একই। তাসকিন আহমেদ আর শরীফুলের গতি দিয়ে শুরু। এরপর আছে নিরীহদর্শন হাসান মাসুদের বৈচিত্র্যময় বোলিং কারুকার্য। লাহোরের রানপ্রসবা উইকেটে এই ছয় পেসার যে ব্যাটারদের উপর ছড়ি ঘোরাতে চাইবেন এটা স্পষ্ট। তাদের সেই সক্ষমতাও আছে।
পাকিস্তান এবং বাংলাদেশের এই ম্যাচে তাই আলাদা করে নজর থাকবে সময়ের সেরা দুই পেস বোলিং ইউনিটের উপর। পরিসংখ্যান বলছে, ২০১৯ বিশ্বকাপের পর থেকে সারাবিশ্বের সবচেয়ে কার্যকরী পেস আক্রমণ এই দুই দেশেই। ২৯ ম্যাচে ২৭ গড়ে ১৬৩ উইকেট নিয়ে পাকিস্তান আছে সবার উপরে। আর ৪৫ ম্যাচে ২৮ এর বেশি গড়ে ১৮৯ উইকেট নেওয়া বাংলাদেশি পেসাররা আছেন দ্বিতীয় স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights