বাংলাদেশ বিমান বাহিনীর ৭২তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স’র সনদপত্র বিতরণ
অনলাইন ডেস্ক
সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ বিএএফ ঘাঁটি বাশারের ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে বিমান বাহিনীর ৭২তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সে সেরা নৈপুণ্যের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট হাসিন তানভীর, জিডি(পি)-কে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ এবং সার্টিফিকেট প্রদান করেন। ছবি : আইএসপিআর
বাংলাদেশ বিমান বাহিনীর ৭২তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে উত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।
বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও রাজকীয় মালয়েশিয়ান বিমান বাহিনীর কর্মকর্তারাসহ সর্বমোট ১৯ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা উক্ত কোর্সে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি প্রশিক্ষণে উত্তীর্ণ সকল কর্মকর্তার মাঝে সনদপত্র বিতরণ করেন ও কোর্সে সেরা নৈপুণ্যের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট হাসিন তানভীর, জিডি(পি)-কে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ এবং সার্টিফিকেট প্রদান করেন। সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
