বাংলাদেশ ব্যাংকের অগ্রগতিতে সন্তোষ যুক্তরাষ্ট্রের, পাশে থাকার আশ্বাস

অনলাইন ডেস্ক

সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, মুদ্রানীতি, বিনিময় হার ব্যবস্থাপনা এবং ব্যাংকিং খাতের চলমান সংস্কার কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি প্রতিনিধিদল। একইসঙ্গে এসব ক্ষেত্রে ভবিষ্যতেও সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে তারা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মার্কিন ট্রেজারি অ্যাটাশে লারিটা বোল্ডেন এবং ট্রেজারি লোকাল স্টাফ দিশা দুবে এ আশ্বাস দেন।

সাক্ষাৎকালে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রণোদনা প্যাকেজ, বর্তমান মুদ্রানীতি, বিনিময় হার নীতি এবং ব্যাংকিং খাতে চলমান সংস্কার কার্যক্রম নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব ক্ষেত্রে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতির বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করা হলে তারা সন্তোষ প্রকাশ করেন এবং চলমান সংস্কার কার্যক্রমে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ এবং মো. সরওয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights