বাংলাদেশ ম্যাচের ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির কোনো নির্দেশনা পায়নি বিসিসিআই
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে চিঠি পাঠিয়ে অনুরোধ জানিয়েছে, যাতে বাংলাদেশ দলের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু আইসিসি এখনও কোনো আনুষ্ঠানিক উত্তর দেয়নি। ফলে বিসিবিকে পুনরায় ইমেল পাঠাতে হয়েছে।
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড (বিসিসিআই) স্পষ্টভাবে জানিয়েছে, বাংলাদেশ দলের ম্যাচ স্থানান্তর নিয়ে তারা আইসিসি থেকে কোনো বার্তা পাননি এবং এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ‘বাংলাদেশ দলের ম্যাচ চেন্নাই বা অন্য কোথাও সরানোর বিষয়ে বিসিসিআইর সঙ্গে আইসিসির কোনো যোগাযোগ হয়নি। এটি পুরোপুরি বিসিবি এবং আইসিসির মধ্যে আলোচনা বিষয়। আইসিসি যদি কোনো সিদ্ধান্ত জানায়, আয়োজক হিসেবে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আপাতত আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।’
সোমবার (১২ জানুয়ারি) আরও একটি রিপোর্টে বলা হয়েছিল, আইসিসি এবং বিসিসিআই বাংলাদেশ দলের ম্যাচ কলকাতা ও মুম্বাই থেকে সরিয়ে চেন্নাই বা তিরুবনন্তপুরমে আয়োজন করতে পারে। তবে বিসিসিআই তা সরাসরি অস্বীকার করেছে। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ) ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত থাকলেও, ভারত থেকে ভেন্যু পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
তবে বিসিবি এখনও তাদের নিরাপত্তাজনিত কারণে ম্যাচ স্থানান্তরের অনুরোধে স্থির রয়েছে এবং আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় আছে।
সূত্র: এই সময়
