বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ ও ৬ পুরস্কার প্রদান

অনলাইন ডেস্ক
বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় সাম্মানিক ফেলোশিপ এবং একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।

শনিবার বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় এ পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে ফেলোশিপ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

সভায় বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অবহিত করেন একাডেমির সচিব মোহা. নায়েব আলী।

এ বছর সাম্মানিক ফেলোশিপপ্রাপ্তরা হলেন-মঈদুল হাসান (মুক্তিযুদ্ধ); রিচার্ড এম ইটন (ইতিহাস); অধ্যাপক ডা. সায়েবা আখতার (চিকিৎসা বিজ্ঞান), ড. ফেরদৌসী কাদরী (বিজ্ঞান), সুগত চাকমা (ভাষা গবেষণা), শহিদুল আলম (শিল্পকলা) ও শম্ভু আচার্য (শিল্পকলা)।

এছাড়া ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন সদ্যপ্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ। সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ। ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন শিশুসাহিত্যিক আবু সালেহ।

‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন নাট্যজন নায়লা আজাদ। ‘আবু রুশদ সাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক নাসিমা আনিস।
‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার (সামগ্রিক অবদানের জন্য)।

এছাড়া অনূর্ধ্ব ৪৮ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক সুমন মজুমদার। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights