বাইসাইকেলে জনসচেতনামূলক বার্তা নিয়ে বিশ্ব প্রচারণায় সাতক্ষীরার চার যুবক
সাতক্ষীরা প্রতিনিধি
করোনাকালীন সময় থেকে মাক্স বিতরণ, স্বাস্থ্য সচেতনতা, বৃক্ষ রোপণ, পরিবেশ দূষণ রোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে শহরের বিভিন্ন স্থান, দোকান এবং পাড়া মহল্লায় ডাস্টবিন স্থাপনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে সাতক্ষীরায় সকলের নজর কাড়ে ‘সেবা বাংলাদেশ’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
এবার জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সেবা বাংলাদেশ সেচ্ছাসেবী সংগঠনের চার যুবক পরিবেশ ও প্রকৃতি রক্ষায় জনসচেতনামূলক প্রচারণা ও ৩৫টি দাবি সম্বলিত সর্তক বার্তার লিফলেট নিয়ে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাইসাইকেলের মাধ্যমে বিশ্ব প্রচারণায় মাঠে নেমেছে। আগামী ৮ আগস্ট তারা যশোর বেনাপোল বন্দর দিয়ে বাইসাইকেলে করে প্রতিবেশী দেশ ভারত যাত্রার মাধ্যমে বিশ্ব প্রচারণায় মাঠে নামছে।
সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বিশ্ব প্রচারণায় অংশ নিতে যাওয়া সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাইকেলিস্ট সদস্য ও সেবা বাংলাদেশ সংস্থার পরিচালক সোলাইমান হোসেন, ক্রীড়া সংস্থার সদস্য ও সেবা বাংলাদেশ আর্গনাইজেশনের অর্থ উপদেষ্টা এবং সাইকেলিস্ট টিম লিডার সেরাফিন মন্ডল, সেবা বাংলাদেশের মাহমুদ হাসান খান ও রবিউল ইসলাম।
বিশ্ব জলবায়ু পরিবর্তন রোধ, প্রকৃতি রক্ষা, কার্বনডাই অক্সাইড নিঃস্বরণের সমাধান, পরিবেশ ও বায়ু দূষণ রোধে ঢাকনা যুক্ত ডাস্টবিন, যত্রতত্র ময়লা ফেলা বন্ধ, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত দেশ, তৃতীয় বিশ্বযুদ্ধ ও শিশু হত্যা বন্ধ, রোহিঙ্গা সমস্যার সমাধানসহ ৩৫টি দাবি সম্বলিত সর্তক বার্তা নিয়ে তাদের এই বাইসাইকেল বিশ্ব যাত্রা তারা ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, দুবাই, ইরান, তুর্কিসহ ইউরোপের বিভিন্ন দেশে বাইসাইকেলে প্রচারণা চালাবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে তাদের ভিসা সম্পন্ন হয়েছে। বাইসাইকেলে সতর্ক বার্তা নিয়ে ‘বিশ্ব প্রচারণা’ নিয়ে জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দফতর তাদেরকে প্রত্যায়নপত্র প্রদান করেছে।
