বাউফলে ঘাস খেয়ে বিষক্রিয়ায় ৩০ মহিষ অসুস্থ, মারা গেছে তিনটি
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলের বিচ্ছিন্ন চরে ঘাসে বিষক্রিয়ার কারণে ঘাস খেয়ে ৩০টি মহিষ অসুস্থ হয়েছে। এর মধ্যে তিনটি মহিষের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কেশবপুর ইউনিয়নের লালচর এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অসুস্থ মহিষগুলোর চিকিৎসা শুরু করেন। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার কারণেই এমনটি হয়েছে বলে ধারণা করছেন তারা।
মহিষ মালিক ও স্থানীয়রা জানান, চরাঞ্চলের বেশ কয়েকজন কৃষকের মহিষগুলো গোয়ালঘরে ঢুকে খাবার খাওয়ার পরপরই অসুস্থ হতে শুরু করে। পরে একে একে কয়েকটি মহিষের শারীরিক অবস্থার অবনতি হয়। সন্ধ্যার দিকে তিনটি মহিষ মারা যায়। অসুস্থ মহিষগুলোর মধ্যে কয়েকটির অবস্থাও আশঙ্কাজনক।
মহিষ মালিকদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘাস খাওয়ানোর জন্য রাখালেরা শতাধিক মহিষ নিয়ে লালচরে যান। কিন্তু চরের ঘাসে আগে থেকেই দুর্বৃত্তরা বিষপ্রয়োগ করে রাখে। সেই ঘাস খেয়ে ৩০টির বেশি মহিষ অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে রফিজ মৃধার একটি, সুমন মাঝির একটি ও রুহুল আমিনের একটি মহিষ মারা গেছে।
উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই কয়েকটি মহিষ মারা গেছে। বাকি মহিষগুলোর চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের বিষক্রিয়ায় মহিষগুলোর মৃত্যু হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শুভেন্দু সরকার বলেন, ঘাস খেয়ে মহিষগুলো অসুস্থ হতে পারে। এছাড়া কৃত্রিমভাবেও হতে পারে। মহিষের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষাগারে পাঠানো হবে, প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বলেন, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে মহিষগুলোর বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানা গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রকৃত কারণ ও কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
