বাউবির গাজীপুর ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ ভবন ছাড়তে শিক্ষার্থীদের নির্দেশ

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুর ক্যাম্পাসে অবস্থিত দুটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের অতিদ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাম্প্রতিক কারিগরি পরিদর্শনে ভবনগুলো ব্যবহার অনুপযোগী ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায় এ নির্দেশনা পুনরায় জারি করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ ভবন দুটি হলো—পঞ্চম তলা ‘লাল বিল্ডিং’-এর উভয় পাশ এবং শিক্ষার্থীদের আবাসিক ভবন ‘মল্লিকা’। এসব ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভবন ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আনিছুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, এর আগেও একাধিকবার সংশ্লিষ্ট ভবনগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এখনো কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্য উদ্বেগজনক।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের জীবন ও সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভবনগুলো, পঞ্চম তলা লাল বিল্ডিং ও আবাসিক ভবন মল্লিকা থেকে অনতিবিলম্বে সরে যেতে হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ে আগামী ১৯ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। নির্দেশ অমান্য করে কেউ যদি ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থান করেন এবং কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, সে ক্ষেত্রে এর দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না বলেও অফিস আদেশে স্পষ্টভাবে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights