বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়ায় এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী মো. আফজালকে (৩০) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ধর্ষণের শিকার ওই কিশোরী শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকালে নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নে ওই কিশোরী বসতবাড়ির ভবনের ছাদে খেলছিল। তখন প্রতিবেশী যুবক আফজাল ওই ছাদে যায়। সেখানে কিশোরীকে একা পেয়ে ছাদের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে। পরে ওই কিশোরী ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। স্বজনরা তাকে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাতেই ওই কিশোরীর বাবা নড়িয়া থানায় ধর্ষণের অভিযোগে আফজালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক রোকসানা বিনতে আকবর বলেন, ধর্ষণের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ফলাফল আসলে ধর্ষণের বিষয়টা নিশ্চিত ভাবে বলা যাবে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ওই ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করার পরে তদন্তের কাজ শুরু করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights