বাকলিয়ায় শিশু ধর্ষণ, ১৫ দিনে চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাকলিয়ায় এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ। ঘটনার ১৫ দিনের মাথায় ৭ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রশাসনের প্রশংসা করছেন নেটিজনরা।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে।

গত ২১ মে এই ঘটনায় গভীর রাতে শিশুটির বাবা বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। পরদিন বিকালে আদালতে হাজির করা হলে অভিযুক্ত মনির হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২১ মে বাকলিয়ায় চার বছর বয়সি শিশুটিকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। তাকে থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। একপর্যায়ে শত শত মানুষ পুলিশের গাড়ি ঘিরে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত ৮টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ সময় বিক্ষোভকারীদের পক্ষ থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে লোকজনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। রাত সোয়া ১০টার দিকে এলাকায় বিদ্যুৎ চলে গেলে পুলিশ অভিযুক্তকে একটি ভবন থেকে বের করে নিজেদের হেফাজতে নেয়। এরপরও উত্তেজিত লোকজন সড়কে অবস্থান নিয়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন। মধ্যরাতের পরও পুলিশ ও বিক্ষুব্ধ লোকজনের মধ্যে পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights