বাকেরগঞ্জে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ
বরিশালের বাকেরগঞ্জে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলেছে বলে দাবি করেছেন পুকুরটির মালিক। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দুধল ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পুকুরমালিক বারেক হাওলাদার জানান, তিনি বাড়িতে একা থাকেন। বাড়ির পুকুরে গত বছর রুই, কাতলসহ বিভিন্ন জাতের মাছের পোনা ছেড়েছিলেন। বর্তমানে মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়েছিল। পূর্বশত্রুতার জেরে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় পুকুরে বিষ দেওয়া হয়। বুধবার সকালে তিনি দেখতে পান, একের পর এক মাছ মরে ভেসে উঠছে। এতে তার বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, জমিজমা নিয়ে প্রতিবেশী একটি গ্রুপের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে পুকুরে বিষ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এর আগেও একবার পুকুরে বিষ দেওয়া হয়েছিল, তখনও অনেক মাছ মারা যায়।
এ বিষয়ে বাকেরগঞ্জের সারসি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাজাহারুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমাদের কাছে এসেছেন। তাকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। জিডি হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
