বাকেরগঞ্জে ৩০ বস্তা চালসহ গোডাউন সিলগালা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালের বাকেরগঞ্জে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ একটি গোডাউন সিলগালা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী প্রশাসনের নির্দেশে ট্যাগ অফিসার মোক্তার হোসেন বৃহস্পতিবার ওই গোডাউন সিলগালা করেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে ওই উপজেলার কলসকাঠী ইউনিয়নের মুদিঘাট এলাকার আওয়ামী লীগ নেতা মনির শরীফের গোডাউনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত দেখে উপজেলা প্রশাসনকে জানায় স্থানীয়রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল সংশ্লিষ্ট ট্যাগ অফিসার কলসকাঠী ইউনিয়ন তহশিলদার মোক্তার হোসেনকে ঘটনাস্থলে গিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ গোডাউন সিলগালা করার নির্দেশ দেন। ট্যাগ অফিসার ঘটনাস্থলে গিয়ে ৩০ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির চালসহ গোডাউন সিলগালা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল ৩০ বস্তা চালসহ একটি গোডাউন সিলগালা করার সত্যতা স্বীকার করে বলেন, ওই চাল সরকারি কিনা তা পরীক্ষা করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights