বাগেরহাটে খাল দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে প্রভাবশালীদের দখলে থাকা খালগুলো দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল তরুণ।
রবিবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে শতাধিক তরুণ-তরুণী রাস্তার ওপর নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে বসে এই অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া ইমরান শেখসহ অন্যরা বলেন, বর্তমান সরকার খাল খনন ও উদ্ধারে উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু বাগেরহাটের চিত্র ভিন্ন। এখানে প্রভাবশালীরা সরকারি খাল দখল করে রেখেছে। দখলে থাকা খালগুলো দখলমুক্ত করতেই আমাদের এই অবস্থান কর্মসূচি।
তারা আরও বলেন, বাগেরহাটে বিভিন্ন উপজেলায় সরকারি খাল দখলের কারণে কৃষকেরা প্রয়োজনের সময় সেচকাজের পানি পাচ্ছেন না, যার ফলে কৃষিকাজ বাধাগ্রস্ত হচ্ছে। খাল দখলকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পড়ছেন অনেক। প্রভাবশালীদের ভয়ে সাধারণ মানুষ প্রতিবাদ করতেও সাহস পায় না। প্রশাসন মাঝে মাঝে প্রভাবশালীদের দখলে থাকা খাল দখলমুক্ত করলেও কিছুদিন পর আবার দখল হয়ে যাচ্ছে।
এ সময় সাধারণ মানুষদের জন্য জেলার সব সরকারি খাল উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তারা। সরকারি খালগুলো দখলমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরত তরুণ-তরুণেরা।
