বাগেরহাটে রিমান্ডে থাকা আসামির মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর থানায় রিমান্ডে থাকা মোজাফফর হোসেন (২৬) নামে এক চুরি মামলার আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মোজাফফর রামপাল উপজেলার ভাগা গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির সময় স্থানীয়রা মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। ওইদিনই আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আদালত চার আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রিমান্ডে থাকা অবস্থায় মোজাফফর অসুস্থ হয়ে পড়লে পুলিশ দ্রুত তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক ডা. এস কে সোহেলুর রহমান জানান, ইসিজি পরীক্ষায় গুরুতর হার্ট অ্যাটাক ধরা পড়ে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে এর কিছুক্ষণের মধ্যেই মোজাফফরের মৃত্যু হয়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, মোজাফফরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল শেষে ময়নাতদন্ত করা হয়েছে এবং বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights