বাগেরহাটে শিশু নির্যাতনে জড়িতদের বিচার দাবি
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বৌবাজার এলাকায় চোর অপবাদ দিয়ে শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার সন্ন্যাসী বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় নূর মোহাম্মদ, গ্রাম পুলিশ আবদুল আজিজ, নজরুল শিকদার ও মোয়াজ্জেম হাওলাদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
গত শুক্রবার রামপাল উপজেলার বৌবাজার এলাকায় চোর অপবাদ দিয়ে শিশু ইয়সিন আরাফাতকে নির্যাতন করেন গ্রাম পুলিশ মো. নাসিম খান ওরফে কালু, মাহমুদ ইসলাম ও মো. কেরামত হাওলাদারসহ বেশ কয়েকজন। নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত গ্রাম পুলিশ মো. নাসিম খান, মাহমুদ ইসলাম ও মো. কেরামত হাওলাদারকে গ্রেফতার করে।
এ ঘটনায় শিশু ইয়াসিনের বাবা দিনমজুর অলিয়ার রহমান বাদী হয়ে গ্রেফতার তিনজনসহ পাঁচজনের নামে রামপাল থানায় মামলা করেছেন।
