বাড়ির পাশে লিচু বাগানে পড়েছিল মাদ্রাসা ছাত্রের লাশ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে নিখোঁজের ৪ ঘণ্টা পর মাদ্রাসা ছাত্র শিশু ইব্রাহিম মিয়ার (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১ টায় নিহতের বাড়ির পাশে লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।

ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে নিখোঁজ ছিল সে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শুক্রবার রাতে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।

মহব্বত আলী জানান, শুক্রবার সন্ধ্যায় তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকেন। পরে ওইদিন রাত ১১ টায় বাড়ির পাশের লিচু বাগানে পরনের পায়জামা গলা বাঁধা অবস্থায় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা পুলিশ। তার ছেলে ‘হত্যার’ সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

খবর পেয়ে তাৎক্ষণিক নারায়ণগঞ্জ জেলা (খ-সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights