বাড্ডায় চিপসের কারখানায় অগ্নিকাণ্ড, দুই শ্রমিক নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর পূর্ব বাড্ডা কবরস্থান রোডে একটি চিপসের কারখানায় অগ্নিকাণ্ডে দুই শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার (২৪ মে) দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক মাহমুদুল হাসান(২৩) রংপুরের তারাগঞ্জ উপজেলার বড় জম্মাপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। আর শ্রমিক মোস্তফা মিয়া (২১) রংপুর তাঁরাগঞ্জ উপজেলার চর কাজীপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার ভোর সোয়া ৪টার দিকে বাড্ডা থানাধীন কবরস্থান রোডে জনৈক আমির হোসেনের চিপসের কারখানায় অগ্নিকাণ্ডে মৃত দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

মৃতদের সহকর্মী রাকিবুল ইসলাম জানান, ভবনটি দ্বিতীয় তলা, নিচে ফার্নিচারের কারখানা উপরে চিপসের কারখানা। রাতে কাজ শেষে তারা ১০ শ্রমিক কারখানাতেই ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক তিনটার দিকে আগুন লাগলে হঠাৎ সবাই বের হয়ে আসতে পারলেও মাহমুদুল হাসান (২৩) ও মোস্তফা মিয়া (২১) বের হতে পারেনি। পরে তাদের মৃতদেহ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights