বাড্ডায় দেয়াল ধসে ২ শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তর বাড্ডায় পুরাতন দেয়াল ধসে চাপা পড়ে দুই শিশু নিহত হয়েছে। বর্তমানে মরদেহ দুটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০ নম্বর লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- আয়েশা মনি (১০) ও নুসরাত (১১)। গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আয়েশা মনির পরিবার সূত্রে জানা গেছে, তারা ৮ নম্বর লেনে বসবাস করেন। তাদের পাশের বাড়িতে থাকে নুসরাতের পরিবার। দুপুরে রাস্তায় খেলা করছিল শিশু দুটি। তাদের পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে নির্মাণের কাজ চলছিল। বাড়িটির বাউন্ডারি দেয়াল ভাঙা হয়নি। ভেতরে দেয়ালের পাশেই রাখা ছিল ইট ও বালু। শিশু দুটি যখন ঠিক দেয়ালের পাশে রাস্তায় খেলছিল, তখনই সেই পুরাতন দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে। এতে চাপা পড়ে আয়েশা মনি ও নুসরাত। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদেরকে দেওয়ালের নিচ থেকে বের করেন। প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আয়েশা মনির বাবা ইকবাল জানান, এক ছেলে ও দুই মেয়ের মধ্যে মেঝো আয়শা। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বরুরা উপজেলায়।

নিহত নুসরাত জাহান মরিয়ম বাবা রাজমিস্ত্রী মো. শরিফ জানান, তার একমাত্র মেয়ে মরিয়ম। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights