বাড্ডায় রেনুকে পিটিয়ে হত্যা মামলার রায় আজ

অনলাইন ডেস্ক

রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনু হত্যা মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে।

২০১৯ সালের ২০ জুলাই সন্তানকে স্কুলে ভর্তি করার খোঁজখবর নিতে গিয়ে গণপিটুনির শিকার হন তিনি।

ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলমের আদালত এই রায় ঘোষণা করবেন। রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছেন রেনুর স্বজনরা।
মামলার আসামিরা হলেন- ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা, রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন, শাহিন, বাচ্চু মিয়া, বাপ্পি ওরফে শহিদুল ইসলাম, মুরাদ মিয়া, সোহেল রানা, আসাদুল ইসলাম, বেল্লাল মোল্লা, রাজু ওরফে রুম্মান হোসেন ও মহিউদ্দিন।

২০১৯ সালের ২০ জুলাই রাজধানীর বাড্ডার একটি স্কুলে সন্তানদের ভর্তির বিষয়ে খোঁজ নিতে যান তাসলিমা বেগম রেনু। সেখানে তাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। এতে মারা যান তাসলিমা বেগম রেনু। এই ঘটনায় অজ্ঞাত পাঁচ শ’ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু।

২০২০ সালের ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হক ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র এবং অপ্রাপ্তবয়স্ক দু’জনের বিরুদ্ধে দোষীপত্র দাখিল করেন। ২০২১ সালের ১ এপ্রিল ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

বিচার চলাকালীন আদালত ২৬ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন। এছাড়া দুই শিশুর মামলাটি ঢাকার নারী ও শিশু টাইব্যুনাল-৭ এ বিচারাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights