বাণিজ্য ঘাটতি বেড়েছে সাড়ে ৪ বিলিয়ন ডলার
অনলাইন ডেস্ক
মার্কিন-ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট, পণ্য রপ্তানি কমে যাওয়া এবং আমদানি খরচ ও পণ্য আমদানি বেড়ে যাওয়ায় গত অর্থবছরের প্রথম ১১ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে সাড়ে চার বিলিয়ন ডলার বা ২৪ শতাংশ। আর গত এপ্রিল মাসের তুলনায় মে মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ১৭৭ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ব্যালান্স অব পেমেন্টের (বিওপি) সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশের বাণিজ্য ঘাটতি ছিল দুই হাজার ২২১ কোটি ডলার। আর অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে দুই হাজার ৩৯৮ কোটি ৪০ ডলার। সেই হিসাবে এক মাসে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে ১৭৭ কোটি ২০ লাখ ডলার বা ১.৭৭ বিলিয়ন ডলার।
তথ্য মতে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশের বাণিজ্য ঘাটতি ছিল দুই হাজার ৯৩৭ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে ৪৬০ কোটি ৭০ লাখ ডলার বা সাড়ে চার বিলিয়ন ডলার, যা গত বছরের চেয়ে ২৪ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের জুলাই-মে সময়ে ছয় হাজার ৪০২ কোটি ৩০ লাখ ডলারের পণ্য আমদানি করেছেন বাংলাদেশের ব্যবসায়ী-উদ্যোক্তারা। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মে সময়ে বাংলাদেশ থেকে চার হাজার তিন কোটি ৯০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
এ হিসাবে গত অর্থবছরের ১১ মাসে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৩.৯৮ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে পণ্য বাণিজ্যে ঘাটতি ৯ শতাংশ কমে দুই হাজার ৪৫ কোটি ডলারে নেমেছিল। আগের অর্থবছরে (২০২৩-২৪) এই ঘাটতি ছিল দুই হাজার ২৪৩ কোটি ডলার।
চলতি হিসাবে ঘাটতি কমেছে : বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে (ব্যালান্স অব পেমেন্ট-বিওপি) ঘাটতি কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকে ৩০ কোটি ১০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে।
১০ মাস শেষে (জুলাই-এপ্রিল) এই ঘাটতি ছিল এক বিলিয়ন ডলারের বেশি ১২২ কোটি ৯০ লাখ ডলার। ২০২৪-২৫ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ৭৭ কোটি ৮০ লাখ ডলারের ঘাটতি ছিল।
সূত্র : কালের কণ্ঠ
