বান্দরবানের আলীকদম থেকে ২০ রোহিঙ্গা আটক, রাতেই মিয়ানমারে পুশব্যাক

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের আলীকদম থেকে অবৈধ অনুপ্রবেশকারী ২০ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। রাতেই তাদেরকে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাদেরকে আটক করা হয়।

আলীকদমে দায়িত্বরত ৫৭ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে ৫৭ বিজিবির নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক ২০ জনের মধ্যে ৬ জন নারী ও ১১ জন শিশুও রয়েছে। তারা সবাই মিয়ানমারের বুচিডং এলাকার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানানো হয়, মঙ্গলবার রাতেই তাদেরকে আলীকদমের পোয়ামুহুরী সীমান্ত দিয়ে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে। তবে অনুপ্রবেশকারীদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights