বান্দরবানে শিক্ষাসামগ্রী ও কৃষি উপকরণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, পাহাড়ে শিক্ষা, কৃষি ও নারীর অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মিলনায়তনে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি কৃষিখাতকে আধুনিক ও উৎপাদনমুখী করতে হবে। একই সঙ্গে নারীদের দক্ষতা উন্নয়ন ও আয়মূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে সামগ্রিক সমাজেই ইতিবাচক পরিবর্তন আসবে।

আলোচনা শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ও ইলেকট্রনিকস শিক্ষাসামগ্রী, কৃষকদের মাঝে পাওয়ার টিলার এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ, সদস্য (অর্থ) সুমন বড়ুয়া এবং বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসির আরাফাত।

একই দিন বিকালে বান্দরবান জেলা পুলিশের আয়োজনে একটি মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights