বাবাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তেমনই আমাকেও নির্বাচিত করবেন : ফারজানা রাব্বী

গাইবান্ধা প্রতিনিধি
স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী বলেছেন, আগামী ৮ জানুয়ারি আপনাদের সঙ্গে নিয়ে ট্রাকের প্রতীকের বিজয়ী মিছিল হবে।

বৃহস্পতিবার বিকালে ফুলছড়ি উপজেলার গলাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের (সাঘাটা-ফুলছড়ি) স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী। তিনি জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মেয়ে ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি এবারের নির্বাচনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটারদের উদ্দেশ্যে ফারজানা রাব্বী বুবলী বলেন, আপনার কেউ ভয় পাবেন না। কোন টাউট বাটপারদের কথা শুনবেন না। আপনারা ৭ তারিখে সকালে আপনাদের ভোট নিশ্চিত করবেন। ইনশাআল্লাহ ট্রাক প্রতীকের জয় হবে। আমি এমপি নির্বাচিত হলে সকলের মাঝেই থাকবো। আমার বাবাকে যেমন ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি তারই মেয়ে। বাবার মতো আমি জনগণের সেবক হতে চাই। আমাকেও নির্বাচিত করবেন।

বাবার আদর্শকে সম্মান রেখে বুবলী বলেন, আশা করি এলাকার মানুষ দায়িত্বশীল ভূমিকা পালন করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার জন্য আমাকে সুযোগ করে দেবেন।

এ আসনের বুবলীর গণসংযোগের সময় বিভিন্ন এলাকায় থেকে নেতাকর্মীরা এসে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights