বাবা সিদ্দিকীর হত্যার দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের, সালমানকেও হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকীকে হত্যার দায় স্যোশাল মিডিয়ায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। ঘটনার সঙ্গে তিন বন্দুকধারীর সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের মধ্যে হরিয়ানার বাসিন্দা কর্নেইল সিং (২৩) আর উত্তরপ্রদেশের ধরমরাজ কাশ্যপকে (১৯) গ্রেফতার করা হয়েছে। শিব কুমার গৌতম নামে উত্তর প্রদেশেরই আরেকজনের এই ঘটনার সাথে সম্পৃক্ততা আছে বলে জানা গেছে। যদিও তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, এই তিনজনকে সমন্বয় করছিলেন আরেক ব্যক্তি, তিনিও পালিয়ে গেছেন।

এর আগে, ৬৬ বছর বয়সী জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিকীকে গত বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের শহরতলি পূর্ব বান্দ্রায় গুলি করে হত্যা করা হয়। ঘটনার সময় তিনি পূর্ব বান্দ্রার বিধায়ক ছেলে জিশান সিদ্দিকীর অফিসের কাছে অবস্থান করছিলেন। স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে বাবা সিদ্দিকী ও তার সহযোগীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় হামলাকারীরা। বর্ষীয়ান এই রাজনীতিকের বুকে গুলি লাগে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সালমান খানের সঙ্গে ভালো সম্পর্ক হওয়ার কারণেই বাবা সিদ্দিকিকে খুন হতে হয়েছে বলে দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। আর এখন গ্যাংটির এই দাবির সত্যতা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। গ্যাংটির পোস্টে উল্লেখ করা হয়েছে- ‘জয় শ্রীরাম, জয় ভারত। আমি জীবনের মর্ম বুঝি, সম্পদ ও শরীরকে ধূলা বলে মনে করি। এ জন্য বন্ধুত্বের কর্তব্যকে সম্মান জানিয়ে যেটি ঠিক, তাই করেছি। বলিউড অভিনেতা সালমান খান, আমরা এই ধরনের যুদ্ধ কখনো চাইনি। কিন্তু আপনার জন্য আমাদের ভাইকে প্রাণ হারাতে হয়েছে।’
পোস্টে আরও লেখা-‘আজ বাবা সিদ্দিকের ভদ্রতা বন্ধ হয়েছে। এক সময় তিনি মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্টের অধীনে দাউদের সঙ্গে ছিলেন। কেননা, বলিউড, রাজনীতি এবং দাউদের সঙ্গে এক হয়ে সম্পত্তি বাড়ানোর যোগসাজশই তার এই মৃত্যুর জন্য দায়ী। অনুজ থাপনের সঙ্গেও তার যোগসাজশ ছিল। আর হ্যাঁ, কারও সঙ্গে আমাদের ব্যক্তিগত শত্রুতা নেই। কিন্তু কেউ যদি সালমান খান বা দাউদ গ্যাংকে সাহায্য করে, তাহলে তাকে প্রস্তুত থাকতে হবে। কেউ যদি আমাদের কোনো ভাইকে খুন করে, তাহলে আমরা তার জবাব দেবই দেব। আমরা কখনোই প্রথমেই আক্রমণের পথে হাঁটিনি। জয় শ্রী রাম, জয় ভারত, শহিদদের প্রণাম।’

অর্থাৎ পোস্টে যে আবারও সালমান খানকে হুমকি দেয়া হয়েছে, সেটিও অনেকটাই স্পষ্ট। প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ হত্যামামলা থেকেই বলিউড তরকা সালমান খান ও বিষ্ণোই গ্যাংয়ের মধ্যকার শত্রুতার শুরু। দীর্ঘদিন থেকেই গ্যাংটির পক্ষ থেকে অভিনেতাকে হুমকি দেয়া হচ্ছে।। চলতি বছর কিছুদিন আগেই বলিউড ভাইজানের বাড়ির সামনে থেকে গুলি চালায় দুষ্কৃতিকারীরা। এরপর তারকার নিরাপত্তা বাড়ায় মুম্বাই পুলিশ। আর বাবা সিদ্দিকিকে খুনের পর সালমান খানকে উদ্দেশ করে গ্যাংটির হুমকি বার্তার পর আরও একধাপ নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সূত্র- টাইমস অব ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights