বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ডাকা ‘মার্চ ফর খিলাফত’ সমাবেশ ঘিরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার (০৭ মার্চ) সকাল থেকেই বায়তুল মোকাররমের ভেতরে ও বাইরে, পল্টন মোড় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা যায়। পল্টন মোড়ে ব্যাপক সংখ্যক পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা রয়েছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাব সদস্যদেরও পল্টন মোড়ে সতর্ক অবস্থানে দেখা গেছে।

এ ছাড়া পল্টন মোড় থেকে গুলিস্তানমুখী সড়কে একটি সাঁজোয়া যান (এপিসি), একটি জলকামান ও একটি প্রিজন ভ্যানও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়মুখী সড়কে পুলিশের আরেকটি প্রিজন ভ্যান রয়েছে।

শুক্রবার বায়তুল মোকাররমে ‘মার্চ ফর খিলাফত’ পালনের ঘোষণা দেয় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ ও প্রচারণামূলক কার্যক্রম চালালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, হিযবুত তাহরীর বাংলাদেশের আইন অনুযায়ী একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন।

জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধঘোষিত যেকোনো সংগঠনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

তিনি আরও জানান, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠন সভা, সমাবেশ ও যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে হিযবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে ডিএমপির সিটিটিসি ইউনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights