বাসসের এমডি মাহবুবের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ তদন্তে কমিটি

অনলাইন ডেস্ক
বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ওঠা ‘দুর্নীতির’ অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মাহবুবের বিরুদ্ধে ওঠা ‘দুর্নীতির’ অভিযোগগুলো নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পর্যালোচনার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড-১) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রেস-১) এ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির অপর সদস্যরা হলেন- প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর; মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর।

এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, কমিটি অভিযোগের বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করবে, সংশ্লিষ্টদের বক্তব্য নেবে এবং প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে।

তদন্ত শেষে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে ওই আদেশে।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর পল্টনে বাসস কার্যালয়ে সংস্থাটির এমডি মাহবুবের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের ঘটনা ঘটে। সে সময় সাংবাদিক-কর্মচারীদের একটি অংশ রাষ্ট্রায়ত্ত এ সংবাদ সংস্থার কার্যালয়ে তাকে ‘অবাঞ্ছিতও’ ঘোষণা করে। বিক্ষোভের মুখে মাহবুব অফিস ছেড়ে যান।

২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর কথাসাহিত্যিক ও সাংবাদিক মাহবুবকে ২০২৪ সালের ১৮ অগাস্ট দুই বছর মেয়াদে বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights