বাহামাসকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে কানাডা

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে আরও একবার নিজেদের শক্ত অবস্থান জানান দিল কানাডা। আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়ে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে দলটি।

শনিবার (২১ জুন) কানাডার কিং সিটিতে অনুষ্ঠিত ম্যাচে বাহামাসকে মাত্র ৫৭ রানে অলআউট করে ৭ উইকেটে জয় নিশ্চিত করে স্বাগতিক কানাডা। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল মঞ্চে খেলার টিকিট পেল তারা।

২০২৪ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলে আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল কানাডা। এবারের বাছাইপর্বে শুরু থেকেই তারা ছিল ফেভারিট। সেই প্রত্যাশার প্রতিফলন দেখা গেছে মাঠের পারফরম্যান্সেও। প্রতিটি ম্যাচেই আধিপত্য দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে বাছাইপর্ব শেষ করল দলটি।

বাহামাসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন কানাডার পেসার কালিম সানা। ৪ ওভারে ২টি মেডেনসহ মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। বাহামাসকে মাত্র ৫৭ রানে অলআউট করে ৫.৩ ওভারে জয় তুলে নেয় কানাডা।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক দুই দেশের পাশাপাশি এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউ জিল্যান্ড ও পাকিস্তান। এবার সেই তালিকায় যুক্ত হলো কানাডা।

২০ দলের এই টুর্নামেন্টে বাকি ৭টি দল নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্ব থেকে ইউরোপ ও আফ্রিকা অঞ্চল থেকে দুটি করে এবং এশিয়া ও ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে তিনটি দল বিশ্বকাপে অংশগ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights