বিএনপির অনেকে যোগাযোগ করেছিল, তাদের নিরুৎসাহিত করেছি : হাফিজ

নিজস্ব প্রতিবেদক

বিএনএম যোগ দেয়ার সংবাদের প্রসঙ্গ টেনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এটা তো গোপন করার কিছু নয়। আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি।

তিনি বলেন, আমি বিএনপির শীর্ষ নেতাদের নির্বাচনের আগেই বলেছি যারা অফার নিয়ে এসেছিল, তাদের বলেছি, এই বয়সে রাজনৈতিক দল পরিবর্তন করতে পারবো না। আমার রাজনৈতিক কোনো বিলাস নেই। আমি নির্বাচন কমিশনে কাউকে পাঠাইনি। বিএনপির অনেক সংসদ সদস্য যোগাযোগ করেছিল, আমি তাদের নিরুৎসাহিত করেছি। বিএনএমের অনেকে অভিযোগ করে বলেছেন, আমি নাকি তালবাহনা করেছি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে তার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশে গণতন্ত্র নেই, দেশে নোংরা রাজনীতি বিরাজমান। নির্বাচনী বৈতরণী পার হতে অনেক নোংরা খেলা খেলে থাকে, যে দলই সরকারের থাকে। রাজনীতিতে কোনো শর্টকার্ট বলতে কিছু নেই। সাধারণ মানুষের সঙ্গ ছাড়া রাজনীতিতে টিকে থাকা যায় না।

তিনি বলেন, সরকারের পক্ষে যারা যোগাযোগ করেছে তাদের বলেছি, ৩২ বছরের রাজনীতিক জীবনে দল পরিবর্তন করা সম্ভব নয়। আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই। আমার সাথে সামরিক বাহিনীর কয়েকজন বারবার অফার নিয়ে আসেন, সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে।

তিনি অভিযোগ করেন, আমার মনে হয় সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই আমার বিরুদ্ধে এ করেছে। আমি সরকারের শেষ সময়ে বাণিজ্যমন্ত্রী ছিলাম। আমি খেজুরে বদলে বরই খেতে বলিনি। সিন্ডিকেট করতে দেইনি। আমি বাবার দেয়া বাড়িতে থাকি। আমার বিরুদ্ধে দুদকে কোনো অভিযোগও নেই।

আমি কি বিএনএম-এ যোগ দিয়েছি? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘কী দোষ আমার?’ তার বিরুদ্ধে এমন কিছু না করার অনুরোধ জানান তিনি।

দল ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়ে কখনো অসঙ্গতিপূর্ণ কথা বলেননি বলেও জানান মেজর অব. হাফিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights