বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থীর বিরুদ্ধাচরণ, নেতাকর্মীদের সতর্ক করলো যুবদল

অনলাইন ডেস্ক

বিএনপির মনোনয়ন পাওয়া ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধাচরণের বিষয়ে নেতাকর্মীদের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বুধবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এক বিজ্ঞপ্তিতে এমন সতর্কবার্তা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন পাওয়া ধানের শীষের প্রার্থীর বিপক্ষে দেশের কয়েকটি স্থানে সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যুবদল নেতাকর্মীদের সম্পৃক্ত থাকার কিছু তথ্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। যা সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে যুবদল নেতাকর্মীদের সতর্ক করা যাচ্ছে যে, সংগঠনের নীতি, আদর্শ এবং শৃঙ্খলা পরিপন্থি এমন কর্মকাণ্ড থেকে বিরত থেকে বিএনপির মনোনয়ন পাওয়া ২৩৭ জনের প্রত্যেক প্রার্থীর পক্ষে নিজ নিজ আসনে কাজ করে ধানের শীষকে বিজয়ী করার জন্য যথাসম্ভব কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যথা, সংগঠনের এমন নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রমাণ পাওয়ামাত্রই সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights