‘বিএনপি অতীতে সকল সম্প্রদায়ের ভালোবাসার ঠিকানা ছিল, ভবিষ্যতেও থাকবে’
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) ওয়াদুদ ভূইয়া বলেছেন, বিএনপি অতীতেও পাহাড়ের সকল সম্প্রদায়ের বিশ্বাস ও ভালোবাসার ঠিকানা হিসেবে ছিল, ভবিষ্যতেও থাকবে।
শনিবার সন্ধ্যায় জেলা শহরের নারায়ণ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের রাস পূজা পরিদর্শনে যান বিএনপির এই নেতা। সেখানে দর্শনার্থীসহ মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।
ওয়াদুদ ভূইয়া বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে গঠিত পার্বত্য জেলা পরিষদকে সহযোগিতা করা দরকার। পতিত ফ্যাসিস্ট সরকারের দায়িত্বকালীন যারা জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ছিলেন-তারা লুটেপুটে খেয়ে তছনছ করে দিয়েছে।
বিএনপি সরকার ক্ষমতায় এলে সকল সম্প্রদায়কে নিয়ে একটি সুন্দর পরিষদ গঠন ও উন্নয়নমুখী করে তোলা হবে-এমন আশ্বাস দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া।
পরিদর্শনের সময় সনাতন ধর্মাবলম্বীদের নেতা ইঞ্জিনিয়ার নির্মল চৌধুরী, আশীষ কুমার দে, অশোক মজুমদারসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্দিরে রাস কীর্তন উপভোগ করেন অতিথিরা।
